• আনন্দ বাংলা

  • আপডেট : সোমবার ২৬শে অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ

  • অনলাইন সংস্করণ


শৈলকুপায় মেধাবী শিক্ষার্থী আম্বিয়ার পাশে ‘সেবক’ ফাউন্ডেশন

শৈলকুপায় মেধাবী শিক্ষার্থী আম্বিয়ার পাশে ‘সেবক’ ফাউন্ডেশন

ঝিনাইদহের শৈলকুপায় মেধাবী শিক্ষার্থী আম্বিয়া খাতুনের পরিবারের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে ‘সেবক’ ফাউন্ডেশন।

ঝিনাইদহের শৈলকুপায় আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থী মোছা. আম্বিয়া খাতুনের শিক্ষাজীবন এগিয়ে নিতে বইসহ শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করেছে মানবিক সংগঠন ‘সেবক’ ফাউন্ডেশন।

আম্বিয়া খাতুন উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং শেখপাড়া ডি. এম. কলেজের শিক্ষার্থী। তাঁর বাবা মো. নজরুল ইসলাম একজন শ্রমজীবী মানুষ। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়াশোনার প্রয়োজনীয় বই সংগ্রহ করতে সমস্যায় পড়ছিলেন আম্বিয়া।

এ অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় বইয়ের সহায়তা চেয়ে ‘সেবক’ পরিবারের কাছে আবেদন করেন তিনি। তাঁর আবেদনে সাড়া দিয়ে সংগঠনটির পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী আম্বিয়া খাতুন, তাঁর বাবা মো. নজরুল ইসলাম এবং ‘সেবক’ পরিবারের সদস্য মো. রেজা রহমান সিদ্দিকী, ইয়াছিন ইসলাম ও আতিকুর রহমান।

এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের শিক্ষার পথ সুগম করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ‘সেবক’ ফাউন্ডেশন।

এ কার্যক্রম বাস্তবায়নে পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ‘সেবক’ পরিবার। মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।