আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
মিথ্যা বলা ইসলামে নিন্দনীয় ও গোনাহের কাজ। তবে সব পরিস্থিতিতে এর বিধান এক নয়। মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধের কৌশল এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্পর্ক বজায় রাখার মতো বিশেষ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে মিথ্যা বলার অনুমতি দিয়েছে শরিয়ত। তবে ব্যক্তিগত স্বার্থে প্রতারণা করা, অন্যের অধিকার নষ্ট করা বা কারও সম্পদ আত্মসাৎ করার ক্ষেত্রে এ অনুমতি প্রযোজ্য নয়।
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজধানীর জামিয়া ইমাম বোখারির (উত্তরা) মুফতি ও মুহাদ্দিস সাইদুজ্জামান কাসেমি। ইসলামিক মাসআলা-মাসাইলবিষয়ক ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় প্রকাশিত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
হজরত আসমা বিনতে ইয়াযিদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিনটি ক্ষেত্র ছাড়া অন্য কোথাও মিথ্যা বলা জায়েজ নয়। এগুলো হলো—স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশ, যুদ্ধের কৌশল এবং দুই পক্ষের মধ্যে সন্ধি স্থাপন। (তিরমিজি: ১৯৩৯, আবু দাউদ: ৪৯২১)
উম্মে কুলছুম (রা.) থেকে বর্ণিত একটি হাদিসেও দুই ব্যক্তির বিরোধ মীমাংসার উদ্দেশ্যে ভালো কথা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মিথ্যা বলাকে সাধারণ মিথ্যার মতো গণ্য না করার কথা এসেছে। (সহিহ মুসলিম: ২০৫৬)
ইমাম নববী (রহ.) ব্যাখ্যা করেছেন, স্বামী-স্ত্রীর ক্ষেত্রে এ ধরনের কথার উদ্দেশ্য হতে পারে ভালোবাসা প্রকাশ এবং এমন প্রতিশ্রুতি দেওয়া, যা বাস্তবে পূরণ করা বাধ্যতামূলক নয়। তবে মিথ্যার মাধ্যমে কাউকে ধোঁকা দেওয়া, অন্যের সম্পদ নেওয়া বা অধিকার নষ্ট করা সর্বসম্মতভাবে হারাম। (শরহে মুসলিম, ১৬/১৪৮)
কিছু আলেম মিথ্যা বলার অনুমতিকে হাদিসে উল্লেখিত ওই তিন ক্ষেত্রেই সীমাবদ্ধ রেখেছেন। তবে কিছু গবেষক আলেমের মতে, এমন কোনো কল্যাণকর উদ্দেশ্য যদি থাকে, যা মিথ্যা বলা ছাড়া অর্জন করা সম্ভব নয় এবং এতে অন্যের ক্ষতি হয় না, সেক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে মিথ্যা বলার অনুমতি রয়েছে।
আবুল ফারাজ ইবনুল জাওযি (রহ.) বলেন, কোনো ভালো উদ্দেশ্যে মিথ্যা বলা ছাড়া পৌঁছানো প্রায় অসম্ভব হলে সেখানে মিথ্যা বলা বৈধ হতে পারে। উদ্দেশ্য যদি মুবাহ হয়, তাহলে সেই উদ্দেশ্যে মিথ্যা বলাও মুবাহ; আর উদ্দেশ্যটি যদি ওয়াজিব হয়, তাহলে তা অর্জনে মিথ্যা বলাও ওয়াজিব হতে পারে।
আল্লামা ইবনুল কাইয়্যুম (রহ.)-এর ব্যাখ্যাতেও বলা হয়েছে, মিথ্যার মাধ্যমে যদি কোনো অধিকার রক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় না থাকে এবং এতে অন্যের ক্ষতি না হয়, তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে তা জায়েজ হতে পারে। (যাদুল মাআদ: ২/১৪৫)
দুই ব্যক্তির মধ্যে বিরোধ সৃষ্টি হলে তা মিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে একজনের কাছে অন্যজনের পক্ষ থেকে ভালো কথা পৌঁছে দেওয়া যেতে পারে। এমনকি ওই কথা সংশ্লিষ্ট ব্যক্তি সরাসরি না বললেও, বিরোধ দূর করার উদ্দেশ্যে তা সুন্দরভাবে উপস্থাপন করার অনুমতি রয়েছে বলে আলেমরা ব্যাখ্যা করেছেন।
এ ক্ষেত্রে মূল উদ্দেশ্য হতে হবে সম্পর্কের উন্নতি ও শান্তি প্রতিষ্ঠা; কাউকে ক্ষতিগ্রস্ত করা বা নিজের স্বার্থ হাসিল করা নয়।
যুদ্ধের ক্ষেত্রে শত্রুপক্ষকে কৌশলগতভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এমন কথা বলা বা নিজের শক্তি সম্পর্কে এমন ধারণা দেওয়া, যা বাস্তবে সম্পূর্ণভাবে সঠিক নয়—এ ধরনের কৌশলের অনুমতি রয়েছে বলে ইসলামি শরিয়তের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।
যুদ্ধের কৌশল হিসেবে শত্রুকে বিভ্রান্ত করার বিষয়টি হাদিসেও এসেছে। তবে এ বিধান যুদ্ধের নির্দিষ্ট পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত; সাধারণ জীবনে প্রতারণার বৈধতা হিসেবে এটি ব্যবহার করা যাবে না।
স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্পর্ক দৃঢ় করার জন্য এমন কিছু কথা বলার অনুমতি রয়েছে, যা আক্ষরিক অর্থে পুরোপুরি বাস্তব নয়। যেমন—ভালোবাসা প্রকাশে কিছু বাড়িয়ে বলা কিংবা এমন আশ্বাস দেওয়া, যার উদ্দেশ্য হলো দাম্পত্য সম্পর্ককে সুন্দর ও স্থায়ী করা।
তবে এর মাধ্যমে স্ত্রীর সম্পদ নেওয়া, প্রতারণা করা, অধিকার থেকে বঞ্চিত করা বা এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া, যা পূরণ করা বাধ্যতামূলক—এসব ক্ষেত্রে মিথ্যার অনুমতি নেই। (শরহুস সুন্নাহ, ১৩/১১৯)
ইমাম নববী (রহ.)-এর ব্যাখ্যা অনুযায়ী, কোনো প্রশংসনীয় উদ্দেশ্য যদি মিথ্যা ছাড়াই অর্জন করা সম্ভব হয়, তাহলে মিথ্যা বলা জায়েজ নয়। কিন্তু মিথ্যা ছাড়া যদি সেই উদ্দেশ্যে পৌঁছানোর আর কোনো উপায় না থাকে, তখন উদ্দেশ্যের বিধান অনুযায়ী মিথ্যার বিধানও নির্ধারিত হতে পারে।
অর্থাৎ উদ্দেশ্যটি যদি বৈধ হয় এবং তা অর্জনে মিথ্যা বলা অপরিহার্য হয়, তাহলে নির্দিষ্ট সীমার মধ্যে তা অনুমোদিত হতে পারে। আর উদ্দেশ্যটি যদি অন্যায়, প্রতারণামূলক বা অন্যের অধিকার ক্ষুণ্ন করার হয়, তাহলে এ অনুমতি প্রযোজ্য হবে না।
সুতরাং ইসলামে মিথ্যা বলার সাধারণ অনুমতি নেই; বরং বিশেষ প্রয়োজন, বৈধ উদ্দেশ্য এবং নির্ধারিত সীমার মধ্যেই এ ধরনের রুখসত রয়েছে।