ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৭ আগস্ট ২০২৬

নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত অবৈধ ব্যবসা ও স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অভিযানকালে সেগুনবাগিচা ও আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি পথচারীদের চলাচলের জায়গা দখল করে পরিচালিত ভ্রাম্যমাণ দোকান ও বিভিন্ন অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধেও নেওয়া হয় আইনানুগ ব্যবস্থা।

‘ফুটপাত জনগণের চলাচলের জন্য’

অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘ফুটপাত জনগণের চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো অবৈধ দোকান পরিচালনা করতে দেওয়া হবে না। একইভাবে সড়ক দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না।’

তিনি বলেন, নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত করতে সিটি করপোরেশন প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, এ অভিযান কাউকে হয়রানি বা শুধু জরিমানা করার জন্য নয়। নগরের শৃঙ্খলা, জনস্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষাই এর মূল লক্ষ্য।

‘যারা আইন ও সিটি করপোরেশনের নির্দেশনা অমান্য করে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে মামলা দায়েরসহ প্রচলিত আইনে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,’ বলেন তিনি।

ছয় মাস ধরে সতর্ক করা হচ্ছে

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের দীর্ঘদিন ধরেই সতর্ক করা হচ্ছে বলে জানান ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, ‘ছয় মাস ধরে আমরা তাদের সতর্ক করে আসছি। গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বারবার জানানো হয়েছে—সড়ক দখল করে হকারি করা যাবে না এবং অবৈধভাবে ফুটপাত ব্যবহার করা যাবে না। এরপরও যারা নির্দেশনা অমান্য করছেন, তাদের বিরুদ্ধে আর কোনো ছাড় দেওয়া হবে না।’

নির্ধারিত স্থানে বসবেন হকাররা

হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক জানান, তালিকা অনুযায়ী হকারদের জন্য নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করার কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যবস্থা বাস্তবায়নে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে।

এরপর নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হকারি করার সুযোগ দেওয়া হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, ‘হকার ব্যবস্থাপনার জন্য একটি শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা করা হচ্ছে। নির্ধারিত স্থানে বসার সুযোগ থাকবে, কিন্তু রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ থাকবে না।’

একই সঙ্গে রিকশা ও ভাসমান মানুষের সমস্যা সমাধানেও ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রশাসক।

সামনে ঝটিকা অভিযান

ডিএসসিসি প্রশাসক জানান, আগামী কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক ও ঝটিকা অভিযান পরিচালনা করা হবে। এসব অভিযানে ফুটপাত ও সড়ক দখল, ট্রেড লাইসেন্সের বৈধতা, বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা এবং বিদ্যুতের অপব্যবহারসহ বিভিন্ন বিষয় যাচাই করা হবে।

অভিযানকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে স্থাপিত অবৈধ ভ্রাম্যমাণ দোকান ও বিভিন্ন সামগ্রী অপসারণ ও বাজেয়াপ্ত করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যানজট কমানো, ফুটপাতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।