• আনন্দ বাংলা

  • আপডেট : সোমবার ১৪ই সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ

  • অনলাইন সংস্করণ


হবিগঞ্জে তরুণী ধর্ষণ-হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে তরুণী ধর্ষণ-হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

সংগৃহীত

হবিগঞ্জে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন এবং একই গ্রামের মৃত ইশ্বাদ উল্লাহর ছেলে মো. গোলাম হোসেন।

যেভাবে ঘটনা

এজাহার ও মামলার নথি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল খলিল উদ্দিনের। তিনি বিবাহিত এবং তাঁর স্ত্রী-সন্তান রয়েছে। একপর্যায়ে চিকিৎসার জন্য টাকা প্রয়োজন হওয়ায় ওই তরুণী তাঁর পুরোনো রুপার চেইন বিক্রি করতে চান। চেইনটি কিনে টাকা দেওয়ার কথা জানান খলিল।

২০২১ সালের ২৬ ডিসেম্বর রাত ১টার দিকে দেখা করার জন্য ওই তরুণীকে ডেকে নেন খলিল। বিষয়টি তিনি গ্রামের ব্যবসায়ী গোলাম হোসেনকেও জানান।

রাতে দেখা করতে গেলে খলিল ওই তরুণীকে একটি নির্জন জমিতে নিয়ে যান। মামলার অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁকে ধর্ষণ করেন খলিল। বিষয়টি গোলাম হোসেন দেখে ফেললে তিনিও ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে খলিল ও গোলাম মিলে তাঁকে হত্যা করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

পরদিন দুপুরে পরিবারের সদস্যরা ওই তরুণীর মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পিবিআইয়ের তদন্ত

মামলাটির তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। পরে দুজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে একজন ওই তরুণীকে ধর্ষণ করেন এবং বিষয়টি দেখে অন্যজনও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে দুজন মিলে তাঁকে হত্যা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন। আসামিরা চাইলে রায়ের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে আপিল করতে পারবেন।