আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ৭ই সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় অনিয়মিত বা নথিপত্রহীন বাংলাদেশিদের সরকারি প্রত্যাবাসন কর্মসূচির সুযোগ নিয়ে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ কাজের ভিসা বা প্রয়োজনীয় নথিপত্রহীন বাংলাদেশিদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের অভিযান চলার মধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য নিরাপদ ও আইনসম্মতভাবে দেশে ফেরার সুযোগ নিতে এ আহ্বান জানানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তরিকুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় বর্তমানে অনিয়মিত বা ডকুমেন্টবিহীন বিদেশি নাগরিকদের জন্য সরকারের বিশেষ কর্মসূচি মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০ (BRM 2.0) চালু রয়েছে। এর আওতায় অনিয়মিত বিদেশি নাগরিক ও কর্মীরা আইনসম্মত ও নিরাপদভাবে নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
প্রথমে আবেদনকারীর বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। যাদের বৈধ পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (টিপি) নিতে পারবেন।
এরপর দেশে ফেরার জন্য বৈধ ও নিশ্চিত বিমান টিকিট সংগ্রহ করতে হবে। মালয়েশিয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী, টিকিটের যাত্রার তারিখ ইমিগ্রেশনে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের কমপক্ষে পাঁচ দিন পর এবং ১৪ দিনের মধ্যে হতে হবে।
আবেদনকারীকে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই।
আবেদনের সময় সঙ্গে রাখতে হবে—
এ ছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফি ও প্রযোজ্য জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত পেমেন্ট পদ্ধতিতে পরিশোধ করতে হবে। আবেদন করার আগে সর্বশেষ ফি ও শর্তাবলি ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তরিকুল ইসলাম বলেন, BRM 2.0-এর আবেদন করতে কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে টাকা চাইলে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, “নিজের আবেদন নিজেই করুন এবং সরকারি নির্দেশনা অনুসরণ করুন।”
মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের উদ্দেশে তিনি আরও বলেন, কর্মসূচির আওতায় আইনসম্মত ও নিরাপদভাবে দেশে ফিরতে চাইলে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নিতে হবে।