• আনন্দ বাংলা

  • আপডেট : বুধবার ৭ই অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ণ

  • অনলাইন সংস্করণ


সৌদিতে কাজের ভিসা হওয়ার আগেই পরিবার নেওয়ার সুযোগ

সৌদিতে কাজের ভিসা হওয়ার আগেই পরিবার নেওয়ার সুযোগ

সংগৃহীত

উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কর্মীর কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তার যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ থাকবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ উদ্যোগের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নিতে পারবেন। তবে এজন্য নির্ধারিত সব শর্ত পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এর ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীর কাজের ভিসা প্রক্রিয়া চলমান থাকতেই পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা যাবে। অর্থাৎ, কর্মীর ভিসা সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য আলাদাভাবে অপেক্ষা করতে হবে না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষের মতে, নতুন উদ্যোগের ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবে পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশটিতে দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করার ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।