আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : শনিবার ১৭ই অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
দেশের কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলাকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব কমাতে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা, করপোরেট সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে। অথচ দেশে বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ বেকার রয়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় উচ্চশিক্ষা ব্যবস্থায় সমন্বিত ও সামগ্রিক (Holistic Approach) পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।
তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চমানসম্পন্ন শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি গড়ে তোলার পরামর্শ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় মওকুফ করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।
এ সময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে অনেকটা দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা করা হচ্ছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়টি গড়ে প্রায় ৩২ কোটি টাকা মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ও বৃত্তি হিসেবে দিয়ে থাকে।
সাক্ষাৎকালে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।