আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : শুক্রবার ১৬ই অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীর নাম রেশমা আক্তার (২৫)। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে রেশমা গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন। এ সময় কেন্দ্রে দায়িত্বে থাকা পরিদর্শক তাঁকে হাতেনাতে আটক করেন।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।