মেক্সিকোর কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

মেক্সিকোর কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

সংগৃহীত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংঘর্ষের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অঙ্গরাজ্যটির জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ এক ভিডিও বার্তায় জানান, নিহতদের মধ্যে নয়জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক। ওই অপ্রাপ্তবয়স্ক কারাগারে একজন বন্দির সঙ্গে দেখা করতে এসেছিল। সংঘর্ষে আহত ১৬ জনই বন্দি।

ঘটনার পর কারাগারে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র। এসব গোষ্ঠীর বিরোধের কারণে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সিনালোয়া ওই ছয়টি অঙ্গরাজ্যের একটি।

তবে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষের সঙ্গে মাদক কার্টেলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।