আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন, ভুয়া চিকিৎসকের ১৫ দিনের কারাদণ্ড
দিনাজপুরের চিরিরবন্দরে অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রানীরবন্দর নশরতপুর বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নশরতপুর বালাপাড়া এলাকায় চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন মনোয়ার। রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশনও লিখে দিতেন তিনি।
অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।