আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ৪ঠা অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর আকস্মিক বিদায়ের পর তার পাশে দাঁড়িয়েছেন দলের অন্যতম তারকা ও ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। রোনালদোকে পর্তুগিজ ফুটবলের ‘সর্বকালের সেরা প্রতীক’ উল্লেখ করে দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি উয়েফা নেশন্স লিগের মাঝপথে পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান ৪১ বছর বয়সী রোনালদো। এর আগে কোচ হোর্হে জেসুস জানিয়েছিলেন, ডেনমার্কের বিপক্ষে ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখা হবে না। এর পরই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন আল নাসরের এই ফরোয়ার্ড।
রোনালদোর বিদায়ের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ব্রুনো ফের্নান্দেস জানিয়েছেন, তিনি রোনালদোর সঙ্গে কথা বলেছেন।
ফের্নান্দেস বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানোর সঙ্গে কথা বলেছি এবং তাকে বলেছি, যা-ই ঘটুক না কেন, সে আমাদের জাতীয় দল, আমাদের ফুটবল ও দেশের সর্বকালের সেরা প্রতীক ছিল এবং থাকবে।’
তিনি আরও বলেন, পর্তুগাল জাতীয় দলে কোনো বিভাজন নেই। নিজেদের মধ্যকার বিষয়গুলো নিজেদের মধ্যেই সমাধান করে উভয় পক্ষের জন্য সম্মানজনকভাবে পরিস্থিতির সমাধান করা উচিত।
রোনালদোর ক্যাম্প ছাড়ার পেছনে মূলত কোচ জেসুসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে এসেছে। নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে ছিলেন রোনালদো। ১৮ বছরের মধ্যে এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে স্কোয়াডে থেকেও তিনি মাঠে নামেননি।
এরপর জেসুস ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও রোনালদোকে শুরুতে না খেলানোর কথা জানান। ওই সংবাদ সম্মেলনের পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএন্সার সঙ্গে কথা বলে ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কথা জানান রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, সময় হলে নিজের সিদ্ধান্তের কারণ বিস্তারিত জানাবেন।
ঘটনার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানায়, জাতীয় দলের সামনে থাকা ম্যাচ ও লক্ষ্যেই এখন পুরো মনোযোগ তাদের। কোচ জেসুসও রোনালদোকে পর্তুগাল ও জাতীয় দলের প্রতীক হিসেবে উল্লেখ করে তার গুরুত্বের কথা স্বীকার করেছেন।
তবে রোনালদোর অনুপস্থিতিতেও মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে তারা। এর আগে নরওয়ের বিপক্ষেও ২-১ গোলে জয় পেয়েছিল দলটি। ফলে নেশন্স লিগে শক্ত অবস্থান ধরে রেখেছে পর্তুগিজরা।
রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে ব্রুনোর বক্তব্যে স্পষ্ট, পর্তুগিজ ফুটবলে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার মর্যাদা নিয়ে সতীর্থদের অবস্থান এখনো অটুট।