আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বৃহস্পতিবার ১লা অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
ভারতের ত্রিপুরার আগরতলায় সিনেমার প্রচারণায় গিয়ে ফের আলোচনায় এসেছেন টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি। মঞ্চে পারফর্ম করার সময় শুভশ্রীর কপালে দেবের চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা।
গত ২৯ সেপ্টেম্বর ত্রিপুরার আগরতলায় ‘দেশু ৭’ (DeSu7) সিনেমার বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিমানবন্দরে দেব ও শুভশ্রীকে স্বাগত জানাতে ভিড় করেন দর্শক-ভক্তরা। পরে আগরতলার চিলড্রেনস পার্কে আয়োজিত অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে।
তবে অনুষ্ঠানের সবচেয়ে বেশি নজর কাড়ে দেব ও শুভশ্রীর পারফরম্যান্স। সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ দুজন একসঙ্গে পারফর্ম করার সময় হঠাৎ শুভশ্রীর কপালে চুমু দেন দেব। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের বিভিন্ন মন্তব্যও সামনে আসে। কেউ সিনেমার প্রচারণার অংশ হিসেবে বিষয়টিকে দেখেছেন, আবার কেউ দেব-শুভশ্রীর পুরোনো রসায়নের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন।
দেব ও শুভশ্রীকে ঘিরে এমন আলোচনা অবশ্য নতুন নয়। এর আগে কলকাতায় এক অনুষ্ঠানে দেব জানিয়েছিলেন, তাকে ও শুভশ্রীকে নিয়ে নানা মন্তব্যের কারণে নিজের সাবেক প্রেমিকার সঙ্গে কথা বলতেও তিনি দ্বিধায় পড়েন। দুজনেই পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করলেও আশপাশের মানুষের নানা মন্তব্যের কারণে সেটি কঠিন হয়ে উঠছে বলেও জানিয়েছিলেন তিনি। এমনকি তাদের নিয়ে আলোচনা সিনেমার প্রচারণাকেও প্রভাবিত করছে বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, ‘দেশু ৭’ দেবের অভিনয়জীবনের ৫০তম সিনেমা। এতে দেব ও শুভশ্রী গাঙ্গুলি ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দেসহ আরও অনেকে।