জেলা নয়, মানুষ দেখে বিয়ে করতে চান কেয়া পায়েল

জেলা নয়, মানুষ দেখে বিয়ে করতে চান কেয়া পায়েল

সংগৃহীত

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রিয় অভিনয়শিল্পীদের প্রেম, বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে তাদের কৌতূহল থাকে বরাবরই। এবার নিজের বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে ভাবনার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ ও কেয়া পায়েল। সেই পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো গোপনে বিয়ে করেছেন এই তারকা জুটি। পরে অবশ্য জানা যায়, এটি তাদের ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা নয়; বরং পর্দায় আসতে যাওয়া নতুন কাজের প্রচারণার অংশ।

‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ৫ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা জানান কেয়া পায়েল।

অভিনেত্রী জানান, জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান। কোথাকার মানুষ, অর্থাৎ জেলা বা অঞ্চল তার কাছে মুখ্য নয়; বরং মানুষ হিসেবে কেমন, সেটিই তিনি গুরুত্ব দেবেন।

বিয়ে নিয়ে খুব বেশি পরিকল্পনা না করলেও এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান কেয়া পায়েল, যার সঙ্গে সারাজীবন একসঙ্গে পথ চলা সম্ভব।

ওটিটিতে আসছে ‘হ্যাপিলি ম্যারিড’

ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনালটি ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে।

মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই ওয়েব ফিল্মটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে আরিফিন শুভ ও কেয়া পায়েলের জুটি নিয়ে কৌতূহল রয়েছে ভক্তদের মধ্যে।

‘হ্যাপিলি ম্যারিড’-এ আরিফিন শুভ ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, দীপা খন্দকার, তুষার খান, আরেফিন জিলানী, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন, টুইংক ক্যারলসহ আরও অনেকে।