আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বুধবার ১৬ই সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আবারও আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন লিওনেল মেসি। তবে এই ফেরাটা দীর্ঘমেয়াদি নয়; জাতীয় দলের হয়ে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ খেলতেই মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে মেসির। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার তার দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানান, মেসির সঙ্গে কথা বলেই তাকে বিদায়ী ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের আইকন ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে ৬ অক্টোবর আর্জেন্টিনায় তিনি তার প্রাপ্য সম্মান নিয়ে বিদায় নিতে পারেন।’
গত ৩১ আগস্ট আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এএফএও তার অবসরকে দুই দশকের বেশি সময়ের জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছে।
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে এএফএ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদের পরিবারসহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসির বিদায়ী আয়োজন হবে।
এএফএ জানিয়েছে, বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির সঙ্গে রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও থাকবেন। দলে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের মতো তারকারাও।
২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলের অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমাসহ একাধিক শিরোপা জিতেছেন।
এবার বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই সেই দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে যাচ্ছেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির কিংবদন্তি।