আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
নতুন স্বামী ক্যামেরন ও’রেইলির সঙ্গে জেমিমা গোল্ডস্মিথ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী, চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার জেমিমা গোল্ডস্মিথ বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী, ব্যবসায়ী ও চলচ্চিত্র নির্মাতা ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেছেন তিনি।
দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ট্যাটলার’-এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
‘ট্যাটলার’-এর প্রতিবেদনে জানানো হয়, নববধূর ভাবি জেমিমা জোন্স বিয়ের ভেন্যুর বাইরে স্বামী ও কনের ভাই বেন গোল্ডস্মিথের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজকের দিনটি অত্যন্ত আনন্দের।’
প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের যৌথ কাজের সূত্রে জেমিমা ও ক্যামেরন ও’রেইলির পরিচয় হয়। এক বছরের বেশি সময় ধরে সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। চলতি বছরের শুরুতে উইম্বলডনের রয়্যাল বক্সেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
বর্তমানে এই দম্পতি পশ্চিম লন্ডনে জেমিমার বাসভবন এবং সুইজারল্যান্ডে ও’রেইলির বাড়িতে সময় কাটান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্যার জেমস গোল্ডস্মিথ ও লেডি অ্যানাবেল গোল্ডস্মিথের মেয়ে জেমিমা একজন প্রযোজক হিসেবে পরিচিত। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য ক্লিনটন অ্যাফেয়ার’ ও ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’।
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জেমিমার প্রথম বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে।
অন্যদিকে, ক্যামেরন ও’রেইলি সাবেক আন্তর্জাতিক রাগবি তারকা ও মিডিয়া মোগল স্যার অ্যান্থনি ও’রেইলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ক্যামেরন ২০০৩ সালে নিজের একটি প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন।