মেসির রেকর্ডে ভাগ বসিয়ে ইয়ামালের জোড়া গোল, লেভান্তেকে হারাল বার্সা

মেসির রেকর্ডে ভাগ বসিয়ে ইয়ামালের জোড়া গোল, লেভান্তেকে হারাল বার্সা

সংগৃহীত

লা লিগায় জয়যাত্রা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে লেভান্তেকে ৪-২ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) ম্যাচে জোড়া গোল করে কিংবদন্তি লিওনেল মেসির অনন্য এক রেকর্ডে ভাগ বসিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে।

ম্যাচে বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন ইয়ামাল। টানা তিন ম্যাচে জোড়া গোল করে একবিংশ শতাব্দীতে মেসির দখলে থাকা একটি রেকর্ডে ভাগ বসান ১৯ বছর বয়সী এই তারকা।

লা লিগার মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে তিনটি জোড়া গোল করা বার্সেলোনার ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় এখন ইয়ামাল। এর আগে ২০১২-১৩ মৌসুমে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন মেসি।

চলতি মৌসুমে লা লিগায় ইয়ামালের গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। এর ফলে রাফিনিয়া, কিলিয়ান এমবাপ্পে ও সের্হিও কামেলোর সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন তিনি।

বার্সেলোনার জয়ের রাতে উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াও। নিজে গোল না করলেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১টি গোলে সরাসরি অবদান রয়েছে রাফিনিয়ার। আর ইয়ামালের অবদান ৯ গোলে।

আক্রমণভাগের এই দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ২৫ গোল করেছে ফ্লিকের শিষ্যরা।