আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
ক্যামেরার সামনে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা আর নিজের অনুমতি ছাড়া সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়া—দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। এমনই এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফাঁস হওয়ার পর টানা চার দিন ঘর থেকে বের হতে পারেননি তিনি। অস্বস্তির পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে দিন কাটাতে হয়েছিল তাকে।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে পুরোনো সেই ঘটনার স্মৃতিচারণ করেন রাধিকা। তিনি জানান, ভিডিওটি ফাঁস হওয়ার পর তার ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব পড়ে। এমনকি বাড়ির সামনে অচেনা কেউ এসে কোনো অঘটন ঘটাতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মনে।
পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে রাধিকা জানান, তার মেকআপ আর্টিস্টের গাড়িচালকও ফাঁস হওয়া ভিডিওটি দেখছিলেন। এমনকি তিনি রাধিকাকে জিজ্ঞাসা করেছিলেন, গাড়িচালকটি তার বাড়িতে যাচ্ছেন কি না। শুধু তা-ই নয়, অভিনেত্রীর বাসার নিরাপত্তাকর্মীর কাছেও ভিডিওটি পৌঁছে গিয়েছিল। ফলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছিল।
ঘটনার সময় রাধিকা একটি ফ্ল্যাটে একাই থাকতেন। পরিস্থিতি সামাল দিতে নিজের টিমের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। নিজের গাড়িচালক ও স্পটবয়কে ডেকে রাধিকা স্পষ্টভাবে জানান, ভিডিওটি দেখার পরও তারা যদি স্বচ্ছন্দ থাকেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন কাজ চালিয়ে যান।
রাধিকার ভাষ্য অনুযায়ী, ওই দুই কর্মী তাকে পাশে থাকার আশ্বাস দেন। নিজের ভয় ও আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, একজন অভিনয়শিল্পীর সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্যামেরার সামনে কোনো দৃশ্যে অভিনয় করা এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়ার অভিজ্ঞতা এক নয়।
একই সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের আরেকটি সিদ্ধান্তের কথাও জানান রাধিকা। রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে একবার পছন্দের একটি কাজ ছেড়ে দিতে হয়েছিল তাকে। ওই কাজের কারণে পরিবারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি সিদ্ধান্তটি নিয়েছিলেন। তবে পরে ওই সিদ্ধান্তের জন্য নিজের কাছেই লজ্জা লেগেছিল বলে জানান অভিনেত্রী।
ওই সময় পরিচালক অনুরাগ কাশ্যপও তাকে কাজটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন বলে জানান রাধিকা। কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়েও কথা বলেন তিনি।
সন্তান জন্মের পরও অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেননি রাধিকা। সন্তান জন্মের পর নতুন কাজ শুরুর সময় শিশুকে স্তন্যপান করানোর একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি।