আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ১৮ই অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
বর্তমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ না বাড়িয়ে কর প্রদানে সক্ষম নতুন নাগরিকদের করের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানো গেলে রাজস্ব আহরণ সহজ হবে এবং দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম (মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘তৃতীয় অভিষেক অনুষ্ঠান ও এমটিএম নাইট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের অন্যতম প্রধান অর্থনৈতিক লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য শুধু অর্থনীতির আকার বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং উৎপাদনমুখী, বিনিয়োগবান্ধব, কর্মসংস্থানসমৃদ্ধ ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলাও এর অংশ।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে রপ্তানি বহুমুখীকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে টেকসই করতে পেশাজীবীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অর্থনৈতিক উন্নয়নে কার্যকর রাজস্ব আহরণ, সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, এসব ক্ষেত্রে কর ও আর্থিক ব্যবস্থাপনা পেশাজীবীদের দায়িত্ব অনেক বেশি।
বাংলাদেশের কর-জিডিপি অনুপাতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশে এ অনুপাত প্রায় ৬ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ভারত ও চীনে তা যথাক্রমে প্রায় ১২ ও ২০ শতাংশ। বাংলাদেশের করদাতার সংখ্যাও তুলনামূলকভাবে কম। রাষ্ট্রীয় সেবা ও সুযোগ-সুবিধা বাড়াতে রাজস্ব আহরণের পাশাপাশি কর ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, করদাতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে এবং কর প্রদানে সক্ষম ব্যক্তিদের স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে করসংক্রান্ত জটিলতা কমানো, ডিজিটাল করব্যবস্থা সম্প্রসারণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সরকারের অর্থনৈতিক দর্শন তুলে ধরে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করা এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুফল বা ‘রিটার্ন অন ইনভেস্টমেন্ট’ (আরওআই) বিবেচনায় নিতে হবে। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জনগণের স্বার্থ ও বাস্তব ফলাফলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বিএনপির নির্বাচনী ইশতেহারে অর্থনীতির গণতন্ত্রায়নের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর মূল লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের উৎপাদনশীল সক্ষমতাকে কাজে লাগানো। আর্থিক খাতের পেশাজীবীদের দায়িত্ব হচ্ছে মানুষের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করা এবং উদ্যোক্তা ও উৎপাদনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করা।
এমটিএম অ্যালামনাই সদস্যদের উদ্দেশে ইসমাইল জবিউল্লাহ বলেন, পেশাগত সততা, স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখতে হবে। পাশাপাশি করদাতাদের সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে কর বিষয়ে সচেতনতা বাড়াতেও ভূমিকা রাখতে হবে।
কর প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস ও আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ জন্য পেশাগত প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক উত্তম চর্চা সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন উপদেষ্টা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।