আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ৫ই অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকদের হাতে এসব সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন রয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচিত সাতজন শিক্ষকও সম্মাননা পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান সমুন্নত রাখা, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার এবং শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে গুরুত্ব দিতে হবে। শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও জোর দেন তিনি।
শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একজন শিক্ষক কর্মরত কিংবা অবসর জীবনে যেভাবেই থাকুন না কেন, মহান এই পেশার কারণে তিনি আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়। শিক্ষকদের বেতন ও অবসরভাতার জন্য যাতে অফিসে গিয়ে কষ্ট করতে না হয়, সে জন্য যথাসময়ে তাদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার।
বক্তব্যের শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।