আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ৫ই অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে সচিবালয়ে ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কুমজিয়ানের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে ত্রাণমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং মিয়ানমারে তাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আইআইএমএমকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বৈঠকে নিকোলাস কুমজিয়ান জানান, ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৪ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে। তারা আগে থেকে বাংলাদেশে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। রাখাইনে সহিংসতা ও নিরাপত্তাহীনতা অব্যাহত থাকায় এসব রোহিঙ্গার নিরাপদে নিজ ভূমিতে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি।
আইআইএমএম প্রধান বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির সরাসরি সম্পর্ক রয়েছে। এ কারণে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য-প্রমাণ সংগ্রহ এবং ন্যায়বিচার নিশ্চিতের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বরের ৩৯/২ নম্বর প্রস্তাবের মাধ্যমে মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থা (আইআইএমএম) প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদও ৭৩/২৬৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে এর প্রতিষ্ঠাকে স্বাগত জানায়। জেনেভাভিত্তিক এই ব্যবস্থা ২০১৯ সালের আগস্টে কার্যক্রম শুরু করে।
আইআইএমএম ২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য লঙ্ঘনের তথ্য-প্রমাণ সংগ্রহ, একত্র, সংরক্ষণ ও বিশ্লেষণ করে থাকে। এসব প্রমাণ জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আদালতে ফৌজদারি বিচার কার্যক্রমে ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করার মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়তা করে সংস্থাটি।