আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে পরিবর্তন আনা অভিনয়শিল্পীদের জন্য নতুন কিছু নয়। এবার ‘সোলজার’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াচ্ছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। পাশাপাশি প্রথমবার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজের অভিজ্ঞতাও তার ক্যারিয়ারে যোগ করছে নতুন মাত্রা।
মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া ঐশীর চলচ্চিত্রে অভিষেক হয় ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মাধ্যমে। এরপর তাকে দেখা গেছে ‘নূর’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে। এবার তার অভিনয় ক্যারিয়ারে যুক্ত হয়েছে ‘সোলজার’।
সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কিছু অংশের শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। চরিত্রের প্রয়োজন অনুযায়ী এরই মধ্যে নিজের শারীরিক প্রস্তুতিও শুরু করেছেন ঐশী। বাড়াচ্ছেন ওজন।
সিনেমাটির শুটিং প্রসঙ্গে ঐশী বলেন, ‘অনেকটা শুটিং হয়ে গেছে। কিছু অংশ বাকি আছে। শিগগিরই আবার শুটিং শুরু হবে। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি। ওজনও বাড়াতে হচ্ছে।’
‘সোলজার’-এ প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ করছেন ঐশী। এর আগে ব্যক্তিগতভাবে শাকিবের সঙ্গে তার পরিচয় ছিল না। প্রথমবার সেটে গিয়েই তার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা হয় বলে জানান এই অভিনেত্রী।
ঐশীর ভাষায়, ‘এর আগে শাকিব ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল না। প্রথম দিন সেটে গিয়ে দেখি, তিনি ‘সোলজার’ লুকে প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে। এরপর সরাসরি শুটিং করি।’
সহশিল্পী হিসেবে শাকিব খানের সহযোগিতার কথাও জানিয়েছেন ঐশী। শুটিংয়ের পর কাজ নিয়ে তার সঙ্গে আলোচনা ও পরামর্শ পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শুটিংয়ের পর শাকিব ভাই আমার সঙ্গে কথা বলেছেন, কাজ নিয়ে পরামর্শ দিয়েছেন। কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। সহশিল্পী হিসেবে তিনি বেশ সহযোগিতাপরায়ণ।’
এখন পর্যন্ত শাকিব খানের সঙ্গে প্রায় ১০ দিন শুটিং করেছেন ঐশী। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘তিনি খুব পেশাদার এবং সিনেমা নিয়ে ভীষণ মনোযোগী। সেটে থাকলে সব সময় সিনেমা নিয়েই ভাবেন। অভিজ্ঞতাটা ভালো।’
‘সোলজার’ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন ঐশী। তার মতে, শাকিব খানের বড় দর্শকগোষ্ঠী এবং পরিচালকের কাজের ধরন সিনেমাটিকে ঘিরে আগ্রহ তৈরি করেছে। পাশাপাশি নিজের চরিত্রেও অভিনয়ের সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি।
ঐশী বলেন, ‘প্রত্যাশা তো আছেই। শাকিব খান দেশের বড় তারকা, তার অনেক দর্শক। পরিচালকও ভালোভাবে কাজ করছেন। আমার চরিত্রেও অভিনয়ের সুযোগ আছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে। এ সিনেমাটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।’
অভিনয়ের প্রতি ঐশীর আগ্রহ ছোটবেলা থেকেই। ছোটবেলায় সিনেমা দেখার সময় পর্দার অভিনেত্রীদের অভিনয় দেখে নিজের মধ্যেও অভিনয়ের স্বপ্ন তৈরি হয়। পরে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সেই স্বপ্ন আরও দৃঢ় হয়।
এখন অভিনয়জীবনে বৈচিত্র্য আনতে চান এই অভিনেত্রী। একই ধরনের চরিত্রে আটকে না থেকে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান তিনি।
ঐশী বলেন, ‘চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্র করতে চাই। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চাই না। এমন কাজ করতে চাই, যা দেখে দর্শক চরিত্রটি নিয়ে ভাববেন।’
কাজের ব্যস্ততার বাইরে নিজের ও পরিবারের জন্যও সময় রাখেন ঐশী। অবসর সময়ের বেশির ভাগই বাসায় কাটে। সিনেমা দেখা ও বই পড়ার অভ্যাস রয়েছে তার। বর্তমানে হুমায়ূন আহমেদের ‘মেঘ বলেছে যাব যাব’ বইটি পড়ছেন এই অভিনেত্রী।