‘স্বদেশ’-এর পর আর সিনেমায় ফেরেননি গায়ত্রী, স্বামী এখন ভারতের ৫৯তম ধনী

‘স্বদেশ’-এর পর আর সিনেমায় ফেরেননি গায়ত্রী, স্বামী এখন ভারতের ৫৯তম ধনী

সংগৃহীত

শাহরুখ খানের বিপরীতে অভিষেক। সিনেমার নাম ‘স্বদেশ’। ২০০৪ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিতে গীতার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন গায়ত্রী জোশি। কিন্তু বলিউডে দারুণ সম্ভাবনাময় সেই অভিষেকের পরও আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি।

‘স্বদেশ’-এর পর ধীরে ধীরে চলচ্চিত্রজগৎ থেকে নিজেকে সরিয়ে নেন গায়ত্রী। ২০০৫ সালে বিয়ে করেন রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে। এরপর পরিবার ও সন্তানদের নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি।

তবে গায়ত্রীর বিনোদনজগতে পথচলা শুরু হয়েছিল ‘স্বদেশ’-এরও আগে। নব্বইয়ের দশকের শেষ দিকে চ্যানেল ভি-তে ভিডিও জকি হিসেবে কাজ করেন তিনি। পরে মডেলিংয়ে পা রাখেন। ১৯৯৯ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ২০০০ সালে জেতেন ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ খেতাব। এরপর ভারতের হয়ে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেন।

মডেলিংয়ের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও কাজ করেন গায়ত্রী। শাহরুখ খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তী সময়ে সেই পরিচয়ও ‘স্বদেশ’-এ শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘স্বদেশ’-এ শাহরুখ খান অভিনয় করেন নাসার বিজ্ঞানী মোহন ভার্গবের চরিত্রে। নিজের শিকড়ের টানে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসা এক তরুণের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে গায়ত্রী ছিলেন গীতা—একজন শিক্ষিকা, যিনি গ্রামের মানুষের জীবন ও উন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত।

মুক্তির সময় ‘স্বদেশ’ প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য না পেলেও সময়ের সঙ্গে সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা অর্জন করে। গীতা চরিত্রটিও গায়ত্রীর অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় কাজ হয়ে আছে।

এরপরও আর বড় পর্দায় ফেরেননি গায়ত্রী। ২০০৫ সালে বিকাশ ওবেরয়কে বিয়ের পর পরিবারকেই অগ্রাধিকার দেন। তাঁদের দুই সন্তান রয়েছে।

স্বামীর সম্পদ ৪৮ হাজার ১০০ কোটি রুপি

গায়ত্রী জোশির স্বামী বিকাশ ওবেরয় ভারতের রিয়েল এস্টেট ব্যবসার পরিচিত নাম। তিনি ওবেরয় রিয়েলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। মুম্বাইকে কেন্দ্র করে বিলাসবহুল আবাসন, বাণিজ্যিক স্থাপনা ও হোটেল ব্যবসায় রয়েছে তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, বিকাশ ওবেরয়ের সম্পদের পরিমাণ ছিল ৪২ হাজার ৯৬০ কোটি রুপি এবং ধনী ব্যক্তিদের তালিকায় তাঁর অবস্থান ছিল ৫৮তম।

২০২৬ সালের তালিকায় তাঁর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১০০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ৫ হাজার ১৪০ কোটি রুপি। তবে সামগ্রিক তালিকায় তাঁর অবস্থান এক ধাপ নেমে হয়েছে ৫৯তম।

অন্যদিকে, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী শাহরুখ খানের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। তিনি এ বছরও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে তালিকায় রয়েছেন।

গায়ত্রী ও বিকাশকে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়। ২০২৩ সালে ইতালির সার্ডিনিয়ায় একটি গাড়ি দুর্ঘটনার পরও তাঁদের নিয়ে আলোচনা হয়েছিল। ওই ঘটনায় গায়ত্রী ও বিকাশ দুজনই বেঁচে যান। তবে অন্য একটি গাড়িতে থাকা এক সুইস দম্পতি দুর্ঘটনায় নিহত হন।