স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্ব পেল এলএনজি ও সার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্ব পেল এলএনজি ও সার

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়ার স্বীকৃতির বিষয়টিও স্মরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে আলজেরিয়ায় তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্য আলজেরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আদালতের নিয়মিত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আলজেরিয়ার রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।