নজরুলের সুরে মুখর ভোলা, শেষ হলো দুই দিনব্যাপী সংগীত কর্মশালা

নজরুলের সুরে মুখর ভোলা, শেষ হলো দুই দিনব্যাপী সংগীত কর্মশালা

সংগৃহীত

নজরুলের সুরে মুখর ভোলা, শেষ হলো দুই দিনব্যাপী সংগীত কর্মশালা

ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ভোলায় দুই দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালা সমাপ্ত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ভোলা জেলা শাখার আয়োজনে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬ জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান ও মৃদুলা সমদ্দার। কর্মশালায় স্থানীয় সংগীতশিল্পী ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষকরা নজরুল সংগীতের গায়কী, সুর, তাল, উচ্চারণ ও পরিবেশনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন এবং অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক মাহমুদুল হাসান ও মৃদুলা সমদ্দার ছাড়াও স্থানীয় শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

পরে দুই দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

কর্মশালাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমি, ভোলার কালচারাল অফিসার মো. হাচানুর রশিদ। সমাপনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পী বাধন তালুকদার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।