আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বুধবার ৭ই অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর। নিষেধাজ্ঞার খবরে তাজা ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় চাঁদপুরের বিভিন্ন বাজারে আকারভেদে বেড়েছে ইলিশের দাম। বেশি দামের কারণে অনেক ক্রেতাকেই ইলিশ না কিনে ফিরে যেতে দেখা গেছে।
সকালে জেলার মতলব, নারায়ণপুর, মুন্সিরহাট ও নায়েরগাঁও বাজার ঘুরে দেখা যায়, আগের তুলনায় ইলিশের দাম বেড়েছে। বাজারে ২০০ গ্রাম ওজনের ছোট ইলিশ চারটি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। আর এক কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় ৩ হাজার ৫০০ টাকায়।
মতলব বাজারে মাছ কিনতে আসা ছানাউল্লাহ বলেন, রাত ১২টার পর থেকেই ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞার আগে সাগর থেকে অনেক নৌকা ঘাটে এসেছে। এ কারণে বাজারে ইলিশের দাম বেড়ে গেছে।
ক্রেতা জাইমা আক্তার বলেন, ইলিশের দাম এখন স্বর্ণের মতো হয়ে গেছে। ভরা মৌসুমেও দাম কমছে না। ইচ্ছে থাকলেও বেশি দামের কারণে ইলিশ কিনে খাওয়া সম্ভব হচ্ছে না।
মতলব বাজারের মাছ ব্যবসায়ী সুকুমার দাস বলেন, এ মৌসুমে কমবেশি ইলিশ পাওয়া গেছে। তবে তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় দাম কমেনি। বড় আকারের ইলিশের চাহিদা বেশি হওয়ায় দামও বেশি। বেশি দামে কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ৭ অক্টোবর রাত ১২টার পর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজননের জন্য ২২ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। নিষেধাজ্ঞা সফল করতে জেলে ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলে পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের সচেতন করা হচ্ছে।
চাঁদপুরের পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।