৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর এবং এ ধাপে ৮০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘আমরা সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই।’ এ সময় তিনি প্রতিটি ধাপের সম্ভাব্য ভোটের তারিখও জানান।

ইসি সূত্রে প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপের ভোট হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এসব তারিখ ও ধাপ চূড়ান্ত নয়; কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তা পরিবর্তিত হতে পারে।