আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ১লা সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
বাংলাদেশে প্রথমবার রোবোটিক সার্জারি, সফলভাবে দুই রোগীর অস্ত্রোপচার
বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ারে সোমবার (৩১ আগস্ট) দুটি রোবোটিক অস্ত্রোপচার করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সফল অস্ত্রোপচার উপলক্ষে হাসপাতালটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর পিত্তথলির পাথরের চিকিৎসায় রোবোটিক কোলেসিস্টেকটমি এবং ৪৫ বছর বয়সী এক নারী রোগীর অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণের চিকিৎসায় রোবোটিক হিস্টেরেকটমি করা হয়। অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) অস্ত্রোপচার দুটির প্রধান সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।
অত্যাধুনিক ‘মেডবুট টিউমাই ইনডোসকপিক সার্জিক্যাল রোবট’-এর সহায়তায় মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিমের সমন্বয়ে অস্ত্রোপচার দুটি সফলভাবে সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, রোবোটিক সার্জারির মাধ্যমে চিকিৎসকেরা শরীরের ভেতরের অংশ ত্রিমাত্রিকভাবে স্পষ্ট দেখতে পারেন। রোবোটিক আর্ম ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো সম্ভব হওয়ায় শরীরের সংকীর্ণ ও জটিল অংশেও সূক্ষ্মভাবে অস্ত্রোপচার করা যায়। এতে কাটাছেঁড়া ও রক্তক্ষরণ কম হওয়ার পাশাপাশি রোগী দ্রুত সুস্থ হওয়ার সুযোগ পান।
অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) বলেন, ভবিষ্যতে কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও থোরাসিক সার্জারিসহ বিভিন্ন ক্ষেত্রে রোবোটিক সার্জারির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য রোগীদের যাতে বিদেশে যেতে না হয়, দেশের মাটিতেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোবোটিক সার্জারি চালুর মাধ্যমে দেশে বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি সার্জারি এবং ক্যানসার চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
তাদের মতে, দেশে উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানো গেলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমবে। পাশাপাশি চিকিৎসার জন্য দেশের বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণও কমানো সম্ভব হবে।