আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। একই দিনে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পরিস্থিতি প্রত্যাশার তুলনায় শক্তিশালী থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
সিএনবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে। এ কারণে সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমেছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়।
জেপি মরগানের বিশ্লেষকদের ১৮ সেপ্টেম্বরের এক প্রতিবেদনের বরাত দিয়ে সিএনবিসি জানায়, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্যের তেল প্রবাহ ‘প্রত্যাশার তুলনায় শক্তিশালী’ রয়েছে। গত ১০ দিনে অঞ্চলটি থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। তবে এ পরিমাণ ২০২৫ সালের গড় সরবরাহের তুলনায় প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।
এর মধ্যে সৌদি আরবে ইরান-সমর্থিত হুতিদের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। শনিবার সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে তিনি ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন বলে জানিয়েছেন।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম এখন মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি, রপ্তানি স্বাভাবিক হওয়ার গতি এবং কূটনৈতিক অগ্রগতির ওপর অনেকটাই নির্ভর করছে। সরবরাহে নতুন করে বিঘ্ন দেখা দিলে বা জাহাজ চলাচল আরও ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়তে পারে।
এদিকে আন্তর্জাতিক বাজারের এই দরপতনের দিন থেকেই বাংলাদেশে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে।
এনার্জি ও মিনারেল রিসোর্সেস ডিভিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
জ্বালানি মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে আন্তর্জাতিক বাজারের বাড়তি ব্যয়ের পুরোটা দেশে সমন্বয় করা হয়নি।
সরকারি হিসাবে, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। জ্বালানি তেলের দাম সমন্বয়ের অন্যতম কারণ হিসেবে এই আর্থিক চাপ ও আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্যের কথা জানিয়েছে সরকার।
এর আগে ২০২৬ সালের এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। পরে জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও বাড়ানো হয়। এরপর সেপ্টেম্বরের ১ তারিখ থেকে দাম অপরিবর্তিত রাখা হলেও ২১ সেপ্টেম্বর থেকে চার ধরনের জ্বালানির দাম আবারও লিটারে ২০ টাকা করে বাড়ানো হলো।