লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান, আটক ১৮২

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান, আটক ১৮২

সংগৃহীত

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের দ্বিতীয় দিনের বিশেষ অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা ও ডিবি পুলিশের পৃথক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৩ জনকে আটক করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন ও সংশ্লিষ্টতা, মারামারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে কারা কোন অপরাধের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের ধরন ও সংশ্লিষ্টতার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ বলছে, কিশোরদের অপরাধপ্রবণতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।