আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল।
জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ২১ থেকে ২৩ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বাংলাদেশ।
২৪ মিনিটে আবদুল্লাহ গোল করে ব্যবধান কমালে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের। তৃতীয় কোয়ার্টারে মেহেদী হাসানের ফিল্ড গোলে সেই আশা আরও জোরালো হয়। তার গোলে ২-২ সমতায় ফেরে বাংলাদেশ।
তবে শেষ কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মালয়েশিয়া। ৪৮ ও ৫১ মিনিটে পরপর দুই গোল করে বাংলাদেশের ম্যাচে ফেরার পথ কঠিন করে দেন সুজাইনি ফাহমি। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। ফলে ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনাল খেলা।
টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে। ১০ দলের এবারের জুনিয়র এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান।
ছেলেদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তারা রয়েছে ‘এ’ গ্রুপে।