আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
এশিয়ান গেমসে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। বৃষ্টির কারণে সোমবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশ সময় বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে ম্যাচটি হচ্ছে না। এ কারণে বাংলাদেশ দল স্টেডিয়ামেও যাবে না।
এর আগে রোববার বৃষ্টির কারণে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়নি। সোমবার সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে বাতিল করা হয়।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১ অক্টোবর সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে।
তবে আবহাওয়ার উন্নতি না হলে সেমিফাইনাল নিয়েও শঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি অনুষ্ঠিত না হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে পাকিস্তান। সে ক্ষেত্রে পাকিস্তান ফাইনালে উঠবে এবং বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে।
এদিকে, বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলও কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলতে পারেনি। চীনের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল।