ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ক্যাপশন নেই

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বায়োগ্যাস পল্লীটির উদ্বোধন করেন।

স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণ ও কর্মমুখী কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ইলিশা বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বায়োগ্যাস পল্লীর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় এটি ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।