আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে আধুনিক কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও কৃষি উন্নয়নের কৌশল তুলে ধরে সাচিং প্রু বলেন, পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলে ক্ষতিকর তামাক ও নেশাজাতীয় উদ্ভিদের চাষ পুরোপুরি বন্ধ করা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য সমতলের কৃষকদের মতো পার্বত্য অঞ্চলের কৃষকদেরও আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর কৃষির যুগে উৎপাদন বাড়ানোর উপযুক্ত সময় এখনই। নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে পার্বত্য চট্টগ্রামে কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশের চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
পার্বত্য মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম দেশের জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ পার্বত্য মন্ত্রীর উদ্যোগ ও প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, পাহাড়ি ও সমতলের কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।