আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগে দোয়া ও মোনাজাত
স্থানীয় সরকার বিভাগের প্রয়াত উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দোয়া ও মোনাজাতে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, মোহাম্মদ আশরাফুল আফসার একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার কথা সহকর্মীরা দীর্ঘদিন স্মরণ করবেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আশরাফুল আফসারের অকালমৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ গভীরভাবে শোকাহত। তিনি দায়িত্ব পালনে আন্তরিক ও কর্তব্যনিষ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
দোয়া ও মোনাজাতে মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।