আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ১৪ই সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
দেশের শিল্প-কলকারখানায় সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে আগের অবস্থার মতো সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন—আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের সরবরাহ ফিরে যেতে পারব।’
তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর এটি।
তবে প্রধানমন্ত্রীর আশ্বাসে ‘আগের অবস্থায় ফিরে যাওয়া’ বলতে ঠিক কোন পরিস্থিতিকে বোঝানো হয়েছে, তা ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
পরে বিষয়টি নিয়ে ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত আগস্টে যে সংকট ঘনীভূত হয়েছিল, তার আগের অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।
ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। বৈঠকে শিল্প খাতের চলমান সংকট ও উৎপাদন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।