আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি (Mitchel Lee)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুরের প্রতিনিধি মিচেল লি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি সহায়তার বিষয়ে সিঙ্গাপুরের আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। দুই দেশের বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
এ ছাড়া উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে সিঙ্গাপুর মিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং (Philip Ong), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশ (Dhanya Lingesh) উপস্থিত ছিলেন।