আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : শনিবার ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সাগর উপকূলের একটি ঘরে আটকে রাখা ১৭ যুবককে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, একটি কক্ষে ওই যুবকদের আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এ সময় কয়েকজন বাইরে পাহারায় ছিলেন। উদ্ধার হওয়া যুবকদের গভীর রাতে ট্রলারে করে গভীর সমুদ্রে নেওয়ার কথা ছিল। পরে তাদের বড় জাহাজে তুলে মিয়ানমার ও থাইল্যান্ডের উপকূল হয়ে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে এসআরবি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্ষটির তালা ভেঙে ওই ১৭ যুবককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—জাফর আলম, নুরুল হুদা, শাহিন শাহরিয়ার, মো. বেলাল, রফিকুল ইসলাম, সাফায়েত হোসেন, মামুনুর রশিদ, তাফসির, আশরাফ হোসেন, মো. বাবুল, আনসার উদ্দিন, নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. জোবাইর, সাইফুল ইসলাম, মো. জুবায়ের ও নুর মোস্তফা।
তারা কক্সবাজারের বিভিন্ন উপজেলা এবং বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা। এসআরবির ভাষ্য, বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফে আনা হয়। পরে আটকে রেখে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক অভিযানটির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মো. ইব্রাহিম নামের এক ব্যক্তির ঘরে ওই ১৭ জনকে আটকে রাখা হয়েছিল। উদ্ধার করা ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া সম্পাদনের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আ ম ফারুক আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মানবপাচার ঠেকাতে সাগর উপকূলে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।