আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বুধবার ৩০শে সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৩ ক্যাটাগরির পদে মোট ২৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। আগ্রহী প্রার্থীরা আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের জন্য সবচেয়ে বেশি লোক নেওয়া হবে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে। এ পদে ১৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স) পদে ৫০ জন এবং জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে তিনজন নিয়োগ দেওয়া হবে।
সহকারী ব্যবস্থাপক পর্যায়ের বিভিন্ন পদেও জনবল নেওয়া হবে। এর মধ্যে সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) পদে দুইজন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল) পদে দুইজন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন) পদে চারজন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস) পদে পাঁচজন এবং সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস) পদে চারজন নেওয়া হবে।
এ ছাড়া সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি পদে একজন, সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে একজন, টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচজন, প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে দুইজন এবং মেডিক্যাল টেকনোলজিস্ট পদে একজন নিয়োগ দেওয়া হবে।
সহকারী ব্যবস্থাপক পর্যায়ের ১ থেকে ৬ নম্বর পদের জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৫০০ থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা। সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদের বেতন স্কেল ১৫ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৪০০ টাকা।
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট এবং এয়ারক্রাফট মেকানিক পদের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। আর জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
বিজ্ঞপ্তিতে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। তবে বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে bbal.teletalk.com.bd ওয়েবসাইটে।
পদের ধরন অনুযায়ী আবেদন ফিও ভিন্ন। ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৬৬৯ টাকা। ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। এ কারণে প্রার্থীদের নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন না করার জন্য সতর্ক করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি এবং নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে জানানো হবে। চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে বিজ্ঞপ্তির সব শর্ত ও নির্দেশনা যাচাই করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।