দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একই দিনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পূজাকে ঘিরে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানো হয়েছে। এ বছর ছুটি তিন দিনে উন্নীত করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে বলেও জানান তিনি।

পূজামণ্ডপে সরকারি অনুদানের পরিমাণ বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। পূজামণ্ডপের নিরাপত্তায় প্রযুক্তি ও নজরদারি বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ্লিকেশন দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে। এ জন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

পাশাপাশি পুলিশ সদর দপ্তর, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে। প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাই-বাছাই শেষে পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থাও থাকবে।

পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে।

সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মাটিকাটা এলাকায় জমি দখলের ঘটনায় ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বলে জানান মন্ত্রী।

অপরাধের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশ ভ্যান ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে যোগাযোগের ঘাটতি বা সমন্বয়হীনতার বিষয়টি সামনে এসেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্টসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।