সিপিএলে অভিষেকেই মিরাজের ঝড়, ৪ ওভারে ৩ উইকেট

সিপিএলে অভিষেকেই মিরাজের ঝড়, ৪ ওভারে ৩ উইকেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে ঝড় তুলেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ম্যাচ শেষে নিজের অসাধারণ বোলিংয়ের রহস্যও জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বল হাতে মুগ্ধ করেছেন মিরাজ। ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান তিনি। এরপর নিজের তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে সেন্ট লুসিয়ার ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন।

উইকেটটি কিছুটা স্পিন সহায়ক ছিল জানিয়ে মিরাজ বলেন, সঠিক জায়গায় বল ফেলাই ছিল তার মূল লক্ষ্য। প্রথম ইনিংস শেষে তিনি বলেন, “আমার মনে হয় এটি আমাদের জন্য একটি দারুণ শুরু এবং চমৎকার মুহূর্ত। পিচটা দেখে মনে হচ্ছে কিছুটা স্পিন সহায়তা পাওয়া যেতে পারে। আমি শুধু মাথায় রেখেছি, বোলিং করার জন্য এটি একটা দারুণ উইকেট। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে—আমি ঠিক এভাবেই ভাবছি এবং সঠিক জায়গায় বল করে তাদের চাপে ফেলার চেষ্টা করছি।”

উইকেটের আচরণ বুঝে বলের গতি ঠিক রেখে বোলিং করেছেন মিরাজ। তার মতে, গায়ানার উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতিতে বোলিং করা কার্যকর। একই সঙ্গে গায়ানার দর্শকদেরও প্রশংসা করেছেন তিনি।

মিরাজ বলেন, “আমার মতে, এই উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতি বেশ কার্যকর; আমি সেই গতিতেই বল করার চেষ্টা করছি। দর্শকরা দারুণ—তারা এসে ‘ওয়ারিয়র্স’ দলকে সমর্থন জোগাচ্ছে, যা সত্যিই উপভোগ্য একটি বিষয়। আশা করি তারাও খেলাটি খুব উপভোগ করেছে।”

মিরাজের পাশাপাশি বল হাতে দুর্দান্ত ছিলেন দলের অধিনায়ক ও অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার এই তারকার সঙ্গে প্রথমবার খেলতে পেরে নিজের আনন্দের কথাও জানিয়েছেন মিরাজ।

তিনি বলেন, “৪৭ বছর বয়সেও তাহির যেভাবে খেলছেন, ফিট আছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন—তা সত্যিই অসাধারণ। তিনি পাঁচটি উইকেট নিয়েছেন, যা ছিল চমৎকার। তাছাড়া, এটি আমার জন্যও দারুণ একটি সুযোগ, কারণ তার সঙ্গে আমি এই প্রথমবার খেলছি। আমার জন্য এটি একটি বিশেষ মুহূর্ত এবং আমি সত্যিই খুব আনন্দিত।