আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
নারী এশিয়া কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ধীর ওভার রেট বা স্লো ওভার রেটের কারণে নিগার সুলতানা জ্যোতির দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জিএস লক্ষ্মী বাংলাদেশ দলের নির্ধারিত ওভার রেটের চেয়ে এক ওভার পিছিয়ে থাকার প্রতিবেদন দেন। এর ভিত্তিতেই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের বিরুদ্ধে আনা ধীর ওভার রেটের অভিযোগ মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
এদিকে নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
সেমিফাইনালে জায়গা করে নিতে এই ম্যাচে জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা এবং ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান শেষ চারে জায়গা নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কার কাছে হারের পর জরিমানার ধাক্কা সামলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনালের আশা ধরে রাখতে চাইবে বাংলাদেশ নারী দল।