তেভেজের বিদায়ী ম্যাচে কি একই দলে মেসি-রোনালদো?

তেভেজের বিদায়ী ম্যাচে কি একই দলে মেসি-রোনালদো?

কার্লোস তেভেজের সঙ্গে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বিদায়ী ম্যাচে একই দলে দেখা যেতে পারে দুই মহাতারকাকে।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত দুই দশকের ফুটবলকে দুই ভিন্ন মেরুতে ভাগ করে দেওয়া দুই মহাতারকা। দীর্ঘদিনের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলে খেলতে দেখার স্বপ্ন ফুটবলপ্রেমীদের। এবার সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে মেসি ও রোনালদোকে।

টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসের বরাত দিয়ে জানা গেছে, বছরের শেষ হওয়ার আগেই বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠ লা বম্বোনেরায় বিদায়ী ম্যাচ আয়োজন করতে চান তেভেজ। খেলোয়াড়ি জীবন শেষ করার পাঁচ বছরেরও বেশি সময় পর নিজ শৈশবের ক্লাবের মাঠে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

একই মাঠে মেসি-রোনালদো?

তেভেজের সঙ্গে মেসি ও রোনালদো—দুজনেরই রয়েছে মাঠ ভাগাভাগি করার অভিজ্ঞতা। রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে এবং মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন তিনি। দুই তারকার সঙ্গেই তেভেজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এ কারণেই বিদায়ী ম্যাচে দুজনকেই আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ম্যাচটির অন্যতম আকর্ষণ হতে পারে মেসি ও রোনালদোকে একই দলের হয়ে মাঠে দেখা।

প্রতিবেদন অনুযায়ী, তেভেজ ইতোমধ্যে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। লা বম্বোনেরায় ম্যাচ আয়োজনের অনুমতিও মিলেছে বলে জানা গেছে। এরপর তেভেজের ঘনিষ্ঠরা ম্যাচটির বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।

আমন্ত্রণ পাচ্ছেন প্রায় ৬০ সাবেক সতীর্থ

তেভেজের দীর্ঘ খেলোয়াড়ি জীবনে বিভিন্ন সময়ে তার সঙ্গে একই দলে খেলা প্রায় ৬০ জন ফুটবলারকে বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনা ও আন্তর্জাতিক ফুটবলের আরও অনেক তারকার উপস্থিতিও প্রত্যাশা করা হচ্ছে।

লা বম্বোনেরাকে বিদায়ী ম্যাচের ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পেছনেও রয়েছে আবেগের কারণ। বোকা জুনিয়র্সের হয়ে এই মাঠে ২৭৯টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন তেভেজ। করেছেন ৯৪ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৬টি গোল।

বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়

তেভেজের ক্যারিয়ারে রয়েছে ১১টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে ২০০৩ সালের কোপা লিবের্তাদোরেস, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ২০০৪ সালের কোপা সুদামেরিকানা। এছাড়া বিভিন্ন সময়ে ঘরোয়া ফুটবলেও একাধিক শিরোপা জিতেছেন তিনি।

২০২২ সালের জুনে খেলোয়াড়ি জীবন থেকে অবসরের ঘোষণা দেন তেভেজ। তবে বোকা জুনিয়র্সের জার্সিতে ২০২১ সালে শেষ ম্যাচ খেলার পরও একটি আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ আয়োজনের ইচ্ছা তার অপূর্ণই ছিল।

অবসরের পর কোচিংয়েও যুক্ত হন তেভেজ। রোজারিও সেন্ট্রাল, ইন্দিপেন্দিয়েন্তে ও তায়রেসের দায়িত্ব পালন করেছেন তিনি। তায়রেসই ছিল তার সর্বশেষ কোচিং অধ্যায়। বর্তমানে নতুন সুযোগের অপেক্ষায় থাকা তেভেজ এবার নিজের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে চান তার সবচেয়ে স্মরণীয় ভেন্যু লা বম্বোনেরায়।