ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের উচ্চশিক্ষার প্রত্যাশা পূরণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে মোহনপুর ইক্ষু খামারে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন রাষ্ট্রপতি।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্য জেলায় যাওয়ার প্রবণতা কমার পাশাপাশি এ অঞ্চলে শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সরকারি সফর। দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

দ্রুত নির্মাণকাজ শুরুর আশা রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অল্প সময়ের মধ্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হলো।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ও অবকাঠামোর নকশা তৈরি হবে এবং নির্মাণকাজ শুরু হবে।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য এটি আনন্দের দিন। এখন থেকে এ অঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিনি আশা করেন, স্থানীয়রা এ সুযোগ কাজে লাগিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলবেন।

উপস্থিত ছিলেন যারা

ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসরাফিল শাহিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

দুই দিনের সফরে রাষ্ট্রপতি

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

সেখান থেকে সেনুয়া পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের পর রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যান এবং পরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

৮৬ একর জমিতে হবে বিশ্ববিদ্যালয়

ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে মোহনপুর ইক্ষু খামারে প্রায় ৮৬ একর জমিতে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জন্য ৯ কোটি ১২ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।