আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
উবারে কিশোরদের নিরাপত্তায় নতুন সুবিধা, দূর থেকেই দেখা যাবে গাড়ির ভেতরের দৃশ্য
কিশোর–কিশোরীদের নিরাপত্তা আরও বাড়াতে নতুন ‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ সুবিধা চালু করেছে উবার। এর মাধ্যমে টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অভিভাবকেরা যেকোনো স্থান থেকে উবার গাড়িতে থাকা সন্তানের ভিডিও সরাসরি দেখতে পারবেন।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চালু হওয়া এ সুবিধা আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির সব শহরে চালু করার পরিকল্পনা রয়েছে। উবারের তথ্যমতে, চালকের সেলফি ক্যামেরার মাধ্যমে গাড়ির ভেতরের দৃশ্য সরাসরি দেখতে পারবেন অনুমোদিত অভিভাবকেরা।
অভিভাবক ভিডিও দেখতে চাইলে চালক ও কিশোর–কিশোরীকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অভিভাবক বা আইনগত অভিভাবক ছাড়া অন্য কেউ এ ভিডিও দেখতে পারবেন না। যাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিও দেখার সুবিধাটিও বন্ধ হয়ে যাবে।
উবার জানিয়েছে, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে ধারণ করা ভিডিও এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। তবে এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানটি স্পষ্ট কোনো তথ্য দেয়নি।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হলে সাধারণত নির্দিষ্ট প্রাপক ছাড়া অন্য কারও পক্ষে তথ্য দেখার সুযোগ থাকে না। ফলে ভিডিও উবারের পক্ষেও দেখার সুযোগ থাকবে না। তবে এ বিষয়ে উবারের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে কিশোর–কিশোরীদের জন্য ‘টিনএজার অ্যাকাউন্ট’ চালু করে উবার। নির্দিষ্ট কিছু শর্তের আওতায় এ অ্যাকাউন্ট ব্যবহার করে কিশোর–কিশোরীরা উবারের সেবা নিতে পারে। পাশাপাশি অভিভাবকেরাও তাদের সন্তানের যাত্রা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশেও টিনএজার অ্যাকাউন্ট চালু করে প্রতিষ্ঠানটি।