আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ৭ই সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
বিগ বস ২০’-এর ঘরে প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে আরিশফা খান।
সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর যাত্রা শুরু হয়েছে রোববার (৬ সেপ্টেম্বর)। এবারের আসরে বিগ বসের ঘরে জায়গা পেয়েছেন ১৬ প্রতিযোগী। প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আরিশফা খান।
ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকের মাধ্যমে বিশাল দর্শকগোষ্ঠী তৈরি করেছেন আরিশফা। ‘বিগ বস ২০’-এ অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে অন্যতম বড় ডিজিটাল তারকা তিনি। জানা গেছে, শুরুতে শোতে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন না আরিশফা। পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে বিগ বসের ঘরে প্রবেশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরিশফার জনপ্রিয়তার বড় প্রমাণ তার ইনস্টাগ্রাম ফলোয়ার। বর্তমানে প্ল্যাটফর্মটিতে তার ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি ৯১ লাখ।
তুলনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় ১ কোটি ৩৯ লাখ এবং জাহ্নবী কাপুরের প্রায় ২ কোটি ৬৭ লাখ। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের ফলোয়ার প্রায় ২ কোটি ৭৯ লাখ এবং প্রভাসের প্রায় ১ কোটি ৩৯ লাখ।
ফলোয়ার সংখ্যার হিসাবে তাই এসব তারকার কয়েকজনের চেয়েও এগিয়ে রয়েছেন আরিশফা।
আরিশফার সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের মধ্যে ‘গ্রেট রেডি উইথ মি’ (GRWM) ভিডিও, ভ্রমণভিত্তিক ভ্লগ, ট্রেন্ডিং ভিডিও ও লাইফস্টাইল কনটেন্ট উল্লেখযোগ্য।
তবে এখনো বড় কোনো থিয়েট্রিক্যাল সিনেমায় অভিনয় করেননি তিনি। টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমেই দীর্ঘদিন ধরে নিজের পরিচিতি তৈরি করেছেন আরিশফা। এবার ‘বিগ বস’-এর মতো বড় রিয়েলিটি শোতে অংশ নিয়ে তার জনপ্রিয়তা আরও বড় পরিসরে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
এবারের ‘বিগ বস’-এর থিম রাখা হয়েছে ‘বরদান’। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রত্যেক প্রতিযোগীর হাতে থাকবে দুটি জীবন। অর্থাৎ এলিমিনেশনের সময় নিজেদের বাঁচানোর জন্য তারা অতিরিক্ত একটি সুযোগ পাবেন।
এবারের বিগ বসের বাড়িও সাজানো হয়েছে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর আদলে। শো শুরুর পর থেকেই প্রতিযোগীদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, মতবিরোধ ও দ্বন্দ্বের আভাসও সামনে আসতে শুরু করেছে।
সব মিলিয়ে শুরুতেই আরিশফা খানের জনপ্রিয়তা এবং বিগ বসের নতুন নিয়ম দর্শকদের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠেছে।