আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বুধবার ৯ই সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভাগের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হল সংসদ সূত্রে জানা যায়, রাতে প্রাণিবিদ্যা বিভাগের ব্যানার টাঙানোর জন্য হলের প্রধান ফটকের এসএস পাইপ দিয়ে ওপরে উঠছিলেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে কিছুক্ষণ বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি।
খবর পেয়ে হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালেও নেওয়া হয়।
শহীদ আব্দুর রব হলের জিএস মোহাম্মদ মনির হোসেন বলেন, বিভাগের ব্যানার লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে। আরিফুল হলের মেইন গেটের এসএস পাইপ দিয়ে ওপরে উঠতে চেয়েছিলেন। তখন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করা হয়।
চবি মেডিকেল সেন্টারের অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বিদ্যুৎস্পর্শে একজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় মেডিকেল সেন্টারে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসা. রাশেদা চৌধুরী বলেন, আরিফুলকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।