জিয়া-খালেদার ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া-খালেদার ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়।

তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের।’

তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমে অসত্য তথ্যের বিস্তার রোধে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান প্রেস সচিব। তিনি বলেন, গুজব, গুঞ্জন ও অপপ্রচার রুখতে প্রতিটি গণমাধ্যমকে নিজস্ব উদ্যোগে নিয়মতান্ত্রিক ‘ফ্যাক্ট চেকিং’ বা তথ্য যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই।

দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিগত দিনের ভঙ্গুর প্রশাসনিক কাঠামো এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঝুঁকি কাটিয়ে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।