আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : শুক্রবার ১৮ই সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মো. মহিউদ্দীন খান। সাক্ষাতে পরবর্তী ডাকসু নির্বাচনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডাকসুর এক বছরের মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান জামায়াতের আমির। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে তাদের কাছে খোঁজখবর নেন তিনি।
ডাকসু নেতৃবৃন্দের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসনে ছাত্রদলের ‘অপতৎপরতা’র বিষয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
সাক্ষাতে পরবর্তী ডাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয়। ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে দ্রুত পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা প্রণয়ন ও তফসিল ঘোষণার দাবির সঙ্গে ডা. শফিকুর রহমান একাত্মতা প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় হওয়ার জন্য ডাকসু নেতৃবৃন্দকে পরামর্শ দেন তিনি।
এ ছাড়া দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন জামায়াতের আমির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।
তবে ডাকসু নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ ছাত্র সংসদ কার্যক্রম নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে।