সার্বভৌমত্ব ও নিরাপত্তায় বিশেষ বাহিনীর প্রয়োজন অপরিসীম: বাবর

সার্বভৌমত্ব ও নিরাপত্তায় বিশেষ বাহিনীর প্রয়োজন অপরিসীম: বাবর

জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র‌্যাবের মতো একটি শক্তিশালী সংগঠন অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্র বিষয়ক এ গুরুত্বপূর্ণ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বাবর বলেন, বিগত আমলের কিছু নেতিবাচক অভিজ্ঞতার কারণে বিরোধী দলের সদস্যরা কেবল সাম্প্রতিক সমস্যাগুলো দেখছেন। তবে র‌্যাব প্রতিষ্ঠার প্রাথমিক সফলতা এবং জঙ্গি-সন্ত্রাস দমনে বাহিনীটির অবদানও বিবেচনায় নেওয়া উচিত।

তিনি বলেন, অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এ ধরনের বিশেষায়িত বাহিনীর কার্যক্রম পরিচালনা করা উচিত। তাঁর দাবি, অতীতের বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়ার নির্দেশে এই বাহিনীকে কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

বাবর বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের অভ্যন্তরীণ বা বৈদেশিকভাবে উসকে দেওয়া সন্ত্রাসী হামলা মোকাবিলায় এ ধরনের বিশেষ বাহিনীর প্রয়োজনীয়তা অপরিসীম।

র‌্যাব পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি বাহিনীর নাম বা কাঠামো সরাসরি পরিবর্তনের পক্ষে ছিলেন না। তবে সামগ্রিক নিরাপত্তার প্রেক্ষাপটে নতুন নামে ‘এসআরবি’ গঠনকে তিনি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তার গভীর স্বার্থে অনেক বিষয় প্রকাশ্যে বলা সম্ভব নয়। তবে এ ধরনের একটি বাহিনীর উপস্থিতি আবশ্যিক। তাই প্রস্তাবিত বিলটি এ মুহূর্তে সমর্থন করা উচিত। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এতে সংশোধন ও মূল্যায়নের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।