আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আকস্মিক পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সদরঘাট টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে দেখেন। এ সময় তিনি লঞ্চের যাত্রীদের সঙ্গেও কথা বলে তাদের খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশও দেন তিনি। এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া সম্পর্কে জানতে পারবেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানি এড়ানো সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যাত্রীসেবার মান আরও উন্নত করতে হবে। কোনো যাত্রী যেন হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় বিড়ম্বনার শিকার না হন, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।
যাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া সদরঘাট টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং টার্মিনালের পরিবেশ আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
সদরঘাটের বিদ্যমান অবকাঠামো পর্যালোচনা করে যাত্রীসেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন মো. রাজিব আহসান। একই সঙ্গে আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তোলার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।
নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিতভাবে টার্মিনাল ও নৌযান পরিদর্শনের নির্দেশ দেন।
পরিদর্শনের সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।